সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক হেলাল খান এবং সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিনব্যাপী তিনি জাসাস সিলেট জেলা ও মহানগর, গোলাপগঞ্জ পৌর, বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দকে সাথে নিয়ে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি সিলেটের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন, লাক্কাতুরা চা বাগানস্থ পূজা মন্ডপ, শ্রী শ্রী কালাচাঁদ মিলন মন্দির দাসউরা, বিয়ানীবাজার, শ্রী শ্রী কৃষ্ণচৈতন্য মহাপ্রভুর বাড়ী ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্জ সহ জেলার বিভিন্ন পূজা মন্ডপে যান এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে হেলাল খান বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে এই দেশকে গড়তে চাই। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।"
তিনি আরও বলেন, জাসাস সবসময় সংস্কৃতি ও মানবতার পক্ষে কাজ করে। দেশের এই ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জাসাস সিলেট জেলা ও মহানগর, গোলাপগঞ্জ পৌর, বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পূজা মন্ডপে আগত ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জাসাস নেতৃবৃন্দের এই শুভেচ্ছা বিনিময়কে স্বাগত জানান এবং তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।