ভাষা শহীদদের স্মরণে আগামী ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭। মাসব্যাপী এই বইমেলা চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে মেলার এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোববার ১৮ অক্টোবর বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
সভায় অংশ নেওয়া প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী বছরের বইমেলার সময়সূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা।
প্রতিবছর অমর একুশে বইমেলা ঘিরে লেখক, প্রকাশক, পাঠক ও বইপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। নতুন বইয়ের প্রকাশ, লেখক-পাঠকের সরাসরি যোগাযোগ এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ বইমেলা দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে পরিচিত। আগামী বছরের বইমেলাও বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।