বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকির ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার ৫ অক্টোবর সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। একটি ই-মেইল বার্তায় মঙ্গলবার ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমিন জানান, নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে। পাশাপাশি থানা পুলিশের সঙ্গে একাধিক গোয়েন্দা সংস্থাও বিষয়টি তদন্ত করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি ই-মেইল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়। বার্তায় মঙ্গলবার ৬ অক্টোবর বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার কথা বলা হয়। হুমকির ই-মেইল পাওয়ার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানায়।
এদিকে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি বলেন, এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে। হুমকির উৎস ও এর পেছনে কারা রয়েছে, তা শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।